চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ব্যবসা প্রতিষ্ঠানের বসানো আটটি অবৈধ পুলিশ বক্স উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)।
নগরীর বহদ্দারহাট মোড়ে একটি, ষোলশহর দুই নম্বর গেইটে একটি, জিইসি মোড় এলাকায় দুইটি, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল (বাওয়া) সংলগ্ন একটি, ওয়াসার মোড়ে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সীমানা প্রাচীর সংলগ্ন দুইটি এবং কাজীর দেউড়ি মোড়ে একটি অবৈধ পুলিশ বক্স উচ্ছেদ করা হয়।
বুধবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিসিসি'র ম্যাজিস্ট্রেট শেখ সালেহ আহমেদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর ১৮টি অবৈধ পুলিশ বক্স অপসারণে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. আবুল কাশেম গত ২৮ অক্টোবর সিসিসিকে অনুরোধ করেন।
নগরীর বিভিন্ন সড়কের আরো ১০টি অবৈধ পুলিশ বক্স আগামী সপ্তাহে উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।
শেখ সালেহ আহমেদ বলেন, নগরীতে অবৈধ ১৮টি পুলিশ বক্সের মধ্যে ১১টি স্থাপন করেছে 'মমি এ্যাড', চারটি স্থাপন করেছে 'নবী এন্টারপ্রাইজ' ও তিনটি স্থাপন করেছে 'হোমস্টোন' নামের বেসরকারি বিজ্ঞাপনী সংস্থা।
তিনি জানান, শুধু অবৈধ পুলিশ বক্সই স্থাপন করা হয়নি। এসব বক্সের দেয়াল বিভিন্ন প্রতিষ্ঠানের চটকদার বিজ্ঞাপন প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছে।
মঙ্গলবার দুপুর দুইটায় শেখ সালেহ আহমেদের নেতৃত্বে সিসিসি'র একটি অভিযান দল নগরীর দুই নম্বর গেইট এলাকায় ছয়টি অবৈধ বিলবোর্ড অপসারণ করে।
এরপর দুপুর তিনটার দিকে চট্টগ্রাম 'আউটডোর অ্যাডভার্টাইজিং ঔনার্স অ্যাসোসিয়েশনের' নেতারা নগর ভবনে সিটি মেয়রের কক্ষে জোর করে ঢুকে পড়েন। এসময় তাদের বাধা দিতে গিয়ে সিটি মেয়র মনজুর আলমের অফিস সহকারী ও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীসহ মোট ছয়জন শারীরিকভাবে লাঞ্ছিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৯৩৬ ঘ.
bdnews24