২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ডাকাতের বোমায় চারজন আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতের ফাটানো বোমায় এক ডাকাতসহ চারজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 01:00 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতের ফাটানো বোমায় এক ডাকাতসহ চারজন আহত হয়েছে। পুলিশ হাতে তৈরি সাতটি তাজা বোমা উদ্ধার এবং আহত ডাকাতকে গ্রেপ্তার করেছে। বুধবার ভোরে সদর উপজেলার ফতুল্লা রেল স্টেশন এলাকায় নৈশপ্রহরীরা ৪-৫ জনের একটি ডাকাত দলকে ধাওয়া করলে এক ডাকাত বোমা ছোড়ে। এতে ওই ডাকাতসহ চারজন আহত হন। আহতরা হলেন- ডাকাত দলের সদস্য বাবু (৩২), চাল ব্যবসায়ী নজরুল ইসলাম (৩৫), নৈশ প্রহরী নাজিম উদ্দিন (৪৫) ও এলাকাবাসী রনি (২৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিহ্নিত ডাকাত লিপু তার দলের সদস্যদের নিয়ে বারেক মিয়ার মুদি দোকানের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় নৈশপ্রহরী নাজিম ও এলাকার বাসিন্দা রনি তাদের পরিচয় জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নাজিম ও রনি ধাওয়া করে বাবু নামে এক ডাকাততে ধরে ফেলে। চিৎকার শুনে এলাকার চাল ব্যবসায়ী নজরুল বাড়ি থেকে বেরিয়ে আসেন। এক পর্যায়ে বাবু তার সঙ্গে থাকা বোমা ফাটিয়ে পালানোর চেষ্টা করেন। এতে তিনিসহ চারজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে ফতুল্লা মডেল থানা টহল পুলিশের একটি দল ধাওয়া করে আহত ডাকাত বাবুকে গ্রেপ্তার করে। ডাকাত দলের বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। আহতদের প্রথমে শহরের খানপুরে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। ওসি জানান, ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯০০ ঘ.