হবিগঞ্জ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবেদন করে তিন বছর ধরে লাইসেন্স না পাওয়ায় হবিগঞ্জে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা।
বুধবার দুপুর ১২টার দিকে আবেদনকারী পরিবহন মালিক ও শ্রমিকরা জেলা প্রশাসন ভবনের বিআরটিএ কার্যালয়ে মটরযানের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্রের জন্য আসে।
এ সময় হবিগঞ্জ বিআরটিএ'র সহকারী পরিচালক হাবিবুর রহমান, অফিস সহকারী আব্দুল ওয়াদুদ ও সুভাষ রায় পালিয়ে যায়।
তাদের না পেয়ে এক পর্যায়ে মালিক ও শ্রমিকরা বিআরটিএ কার্যালয়ের দু'টি কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
পরে তারা লাইনেন্স ও রুট পারমিট দেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রাঙ্গণে সমাবেশ করে। সমাবেশ শেষে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়।
মটরযান মালিকরা অভিযোগ করেন, গত তিন বছর ধরে যানবাহনের লাইসেন্স ও রুট পারমিট দেওয়া হচ্ছে না।
কয়েক হাজার সিএনজিচালিত অটোরিকশা, মটর সাইকেল ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের লাইসেন্স ও রুট পারমিটের জন্য আবেদন করে প্রয়োজনী ফি জমা দেওয়া হয়েছে বলে জানান তারা।
এছাড়া বিআরটিএ কার্যালয় থেকে ভূয়া লাইসেন্স, কাগজপত্র, ফিটনেস সার্টিফিকেট দেওয়া হচ্ছে জানিয়ে তারা বলেন, এর ফলে প্রতিদিনই মটরযান মালিকরা মামলা ও জরিমানার শিকার হচ্ছেন।
বক্তারা বলেন, আগামী বুধবারের মধ্যে তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া না হলে জেলা প্রশাসকের কার্যালয় অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী, গাড়ির লাইসেন্সের জন্য আবেদনকারী অ্যাডভোকেট ফরিদ উদ্দিন, আশুতোষ অধিকারী শংকর প্রমুখ।
এ ব্যাপারে জেলা প্রশাসক মাহমুদ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮২৯ ঘ.
bdnews24