২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের দু'পক্ষের কর্মসূচি, ১৪৪ ধারা

জেলহত্যা দিবসে আওয়ামী লীগের দু'পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে রাজশাহীর বাগমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 11:17 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

রাজশাহী, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলহত্যা দিবসে আওয়ামী লীগের দু'পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে রাজশাহীর বাগমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে মাইকিং করে মচমইল উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর দেড়টা থেকে রাত ৮টা পর্যন্ত যাবতীয় রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু হোরাইরা সাংবাদিকদের বলেন, "দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ও বৃহস্পতিবার থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থাকায় ১৪৪ ধারা জারি করা হয়।" বাগমারা থানার ওসি হারুন-অর-রশিদ জানান, উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । ওসি জানান, জেলহত্যা দিবস উপলক্ষে বুধবার দুপুর আড়াইটায় উপজেলা আওয়ামী লীগ থেকে বহিস্কৃত নেতা আবদুস সোবহানের নেতৃত্বে মচমইল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ ডাকা হয়। এ ব্যাপারে তারা স্কুল কর্তৃপক্ষকে দুদিন আগে চিঠি দিয়ে অনুমতি চায়। পরে স্থানীয় শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান একই স্থানে একই সময় সভা করার অনুমতি চেয়ে স্কুলের প্রধান শিক্ষককে একটি চিঠি দেন। স্কুল কর্তৃপক্ষ কাউকে অনুমতি না দিয়ে বিষয়টি ইউএনওকে অবহিত করে। ওসি জানান, জেএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে আসন বিন্যাস দেখতে আসছে। তাই স্কুল কর্তৃপক্ষ কাউকেই সভা করার অনুমতি দেয়নি। স্থানীয়রা জানান, ওই মাঠে সভা করতে না পেরে সোবহান পক্ষের নেতারা পাশের বিনোদপুর আমবাগান এলাকায় সমাবেশ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭১৯ ঘ.