ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে।
আহত হয়েছে আরো এক শিশু।
বুধবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামাদের খোদাইবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইসলামাবাদের মিজানুর রহমান (১৮), খোদাইবাড়ি এলাকার আঁখি মণি (৪) ও নাছিমা বেগম (৪)।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈদগাহ পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) উপ-পরিদর্শক আনোয়ার হোসেন খাঁন সাংবাদিকদের জানান, দুপুর দেড়টার দিকে একটি মাইক্রোবাস খোদাইবাড়ি এলাকায় সড়কের ওপর খেলতে থাকা দুই শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে খেলতে থাকা দুই শিশুসহ চারজন আহত হয়।
এসআই আনোয়ার জানান, পরে আহতদের মধ্যে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে মিজানুর রহমান, আঁখি ও নাছিমার মৃত্যু হয়।
চট্টগ্রামের মুরাদপুর থেকে একটি পরিবার তাদের আত্মীয় স্বজনদের নিয়ে মাইক্রোবাসটিতে করে কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলো।
তিনি জানান, মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৩ ঘ.
bdnews24