রংপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় দিন পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে রংপুর মটর শ্রমিক ইউনিয়ন। ফলে বুধবার বিকাল থেকে বাস চলাচল আবার শুরু হয়েছে।
জুয়া খেলার সময় গ্রেপ্তার ছয় শ্রমিকের মুক্তির দাবিতে মঙ্গলবার সকালে আকস্মিকভাবে এ ধর্মঘট ডাকে শ্রমিকরা। এতে অভ্যন্তরীণ ২৩টি রুটসহ সারা দেশের সঙ্গে রংপুরের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে শত শত যাত্রী।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বুধবার বেলা সাড়ে ৩টায় ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দিয়ে সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তির বিষয়ে প্রশাসনের আশ্বাস মেলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুপুরে পুলিশ সুপার (এসপি) সালেহ মোহাম্মদ তানভীরের সঙ্গে বৈঠক করেন মটর শ্রমিক ইউনিয়নের নেতারা।
এর আগে ধর্মঘটের সমর্থনে শহরের কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করে শ্রমিক ইউনিয়ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬২৪ ঘ.
bdnews24