২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে পরিবহন ধর্মঘট চলছে

জুয়া খেলার সময় গ্রেপ্তার ছয় শ্রমিকের মুক্তির দাবিতে বুধবার দ্বিতীয় দিনের মতো রংপুরে পরিবহন ধর্মঘট চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 09:13 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

রংপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুয়া খেলার সময় গ্রেপ্তার ছয় শ্রমিকের মুক্তির দাবিতে বুধবার দ্বিতীয় দিনের মতো রংপুরে পরিবহন ধর্মঘট চলছে। মঙ্গলবার সকালে আকস্মিকভাবে এ ধর্মঘট ডাকে জেলা মটর শ্রমিক ইউনিয়ন। ফলে জেলার অভ্যন্তরীণ ২৩টি রুটসহ সারা দেশের সঙ্গে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছে শত শত যাত্রী। এদিকে পরিবহন ধর্মঘটের সমর্থনে বুধবার দুপুরে শহরের কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মোকসেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সড়ক সম্পাদক রাজু মিয়া, রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক রাজু আহাম্মদ, রংপুর জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। বক্তরা অভিযোগ করেন, ছয় মটর শ্রমিককে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। সভা শেষে একটি মিছিল নিয়ে তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সোমবার রাতে জেলা শহরের লায়ন্স স্কুলের পাশে জুয়া খেলার সময় ছয় জন পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- সাহেব আলী (৩৫), আহসান করিম (৩৭), আনোয়ারুল ইসলাম (২৬), সুলতান (৩৫), মতিয়ার রহমান (৩০) ও শাহিন মিয়া (২৮)। কোতোয়ালি থানার ওসি হায়দার আলী সাংবাদিকদের বলেন, ২ হাজার ৬০০ টাকা, দুটি মোমবাতি ও তাসসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অবৈধ কাজে লিপ্ত থাকায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরিবহন ধর্মঘটের বিষয়ে তিনি বলেন, "অপরাধীকে ছেড়ে দিতে হবে, না হলে পরিবহন ধর্মঘট ডাকতে হবে- এমন আবদার করা উচিত নয়। এখানে আইন তার নিজস্ব গতিতে চলবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫০৮ ঘ.