নারায়ণগঞ্জ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের এক কারখানায় কর্মকর্তা বরখাস্তের প্রতিবাদকারী শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, রপ্তানিমুখী সিনহা-ওপেক্স গ্র"পের প্রতিষ্ঠান সুপ্রীম নিটওয়্যার কারখানায় বুধবার সকালে এই সংঘর্ষ হয়।
কয়েকজন শ্রমিক জানান, বিভিন্ন অভিযোগ দেখিয়ে মঙ্গলবার কারখানার মহাব্যবস্থাপক মোহাম্মদ সুমন, প্রশাসনিক কর্মকর্তা বদিউজ্জামান তুহিন, ফ্লোর ইনচার্জ আবদুল লতিফ ও আহাদ আলীকে বরখাস্ত করে মালিকপক্ষ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এসএম বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরখাস্ত চার কর্মকর্তা বুধবার সকালে কাজে যোগ দিতে চাইলে মালিকপক্ষ বাধা দেয়। এরপরই কারখানার অন্য শ্রমিকরা বের হয়ে এসে প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে বিক্ষোভ করতে থাকে। এরপরই সংঘর্ষ বেঁধে যায়।
আহতদের শহরের খানপুর ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
সংঘর্ষের পর ওই কারখানায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪১১ ঘ.
bdnews24