ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে স্ত্রীকে হত্যার পর এক ব্যক্তি থানায় আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের নাম মাহিনুর আক্তার (২৫)। স্বামী মোহাম্মদ হাসানের দেওয়া তথ্যে বুধবার সকালে তার লাশ বনানীর পূর্ণিমা হোটেল থেকে উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মিনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৯টার দিকে হাসান শাহবাগ থানায় এসে বলেন, হোটেলে স্ত্রীকে হত্যা করেছেন তিনি। সঙ্গে সঙ্গে তা গুলশান থানায় জানানো হয়।"
পুলিশ যাওয়ার আগেই অবশ্য হোটেল কর্তৃপক্ষ মাহিনুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রমজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পূর্ণিমা হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে এক মহিলাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।"
মাহিনুরকে রড দিয়ে পেটানোর পর শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। মাহিনুরের বাসা দক্ষিণখানের মোল্লারটেক কসাইবাড়ি এলাকায়।
হাসান দাবি করেছেন, অন্য ব্যক্তির সঙ্গে মাহিনুরের সম্পর্কের কথা জানতে পেরে রাতে স্ত্রীকে হত্যা করেছেন তিনি।
হাসানকে শাহবাগ থানায় আটক রাখা হয়েছে। মাহিনুরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৩৩৪ ঘ.
bdnews24