ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সকালের অফিস সময়ে বাসে যাত্রী তোলার দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে বুধবার আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে অফিসমুখী বিক্ষুব্ধ যাত্রীরা।
পুলিশ জানিয়েছে, সকাল সোয়া ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত যাত্রাবাড়ীর পুনম সিনেমা হলের সামনের রাস্তায় এ অবরোধ হয়। এ সময় বিক্ষুব্ধরা একটি বাস ভাংচুর করে। পরে পুলিশ ধাওয়া করে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
যাত্রীদের অভিযোগ, পুনম সিনেমা হলের সামনে থেকে বন্ধন পরিবহনসহ নারায়ণগঞ্জ ও গুলিস্তান রুটের বাসে তারা কোনো সিট পান না। ন্যায্য ভাড়া দিতে চাইলেও তাদের বাসে ওঠানো হয় না। এতে বিক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ করে।
নারায়ণগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. শাজাহান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তো ভাড়া দিয়েই যেতে চাই। আমাদের কেন তুলবে না?"
যাত্রাবাড়ী থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুনম সিনেমা হলের সামনে থেকে যাত্রী তোলার দাবিতে বিক্ষুব্ধ যাত্রীরা সকাল সোয়া ৯টার দিকে সড়ক অবরোধ করে একটি বাস ভাংচুর করে। আধা ঘণ্টা পর তাদের সরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/১২০২ ঘ.
bdnews24