ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানের কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার রাত সোয় ১টায় বৈঠক শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
গুলশানের কার্যালয়ের কাছে র্যাব-পুলিশের অবস্থান নেওয়ার ঘটনার পর বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া গভীর রাতে দলের কেন্দ্রীয় নেতাদের ওই কার্যালয়ে জরুরি তলব করেন।
খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের কাছে রাত ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত র্যাব ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে চলে যাওয়ার পরপরই তিনি টেলিফোনে দলের স্থায়ী কমিটির সদস্যদের তার কার্যালয়ে আসতে বলেন।
বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, সহসভাপতি সেলিমা রহমান, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য শাহজাহান ওমর, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ নেতা উপস্থিত আছেন।
দলের নেতাকর্মীরা এখনো কাযালয়ের সামনে অবস্থান করছেন। তারা সরকার বিরোধী শ্লোগান দিচ্ছেন।
এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী প্রবেশ করার পর রাত ১১টার দিকে র্যাব ও পুলিশ খালেদার গুলশানের কার্যালয়ের কাছে অবস্থান নেয়। সাকা চৌধুরী গুলশানের কার্যালয়ে যান রাত সাড়ে ৯টায়।
ওই সময় পুলিশের তিনটি পিকআপ ও র্যাবের দুইটি গাড়ি সেখানে অবস্থান নেয়।
তখন বিএনপি নেতাকর্মীরা কার্যালয়ের গেটের সামনে অবস্থান নিয়ে শ্লাগান দিতে থাকেন।
গুলশানের কার্যালয়ে ওই সময় ছিলেন- দলের চেয়ারপারসন খালেদা জিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, সহসভাপতি সেলিমা রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা।
রাত পৌনে ১টার দিকে তিনটি পিকআপ ও দু'টি গাড়িতে করে পুলিশ ও র্যাব সদস্যরা স্থান ত্যাগ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/০২০৫ ঘ.
bdnews24