চট্টগ্রাম, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চার জন সহকারী পুলিশ কমিশনার (এসি) এবং চার থানার ওসি পদে রদবদল করা হয়েছে।
এছাড়া সিএমপিতে সদ্য যোগদানকারী একজন পরিদর্শককে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার রাতে সিএমপি কমিশনার আবুল কাশেম এই বদলির নির্দেশ দেন।
নির্দেশ অনুসারে সিএমপি'র উপ পুলিশ কমিশনার (সদর) মো. ময়নুল ইসলাম সংশ্লিষ্টদের কাছে বদলি সংক্রান্ত ফ্যাক্স বার্তা পাঠান।
উপ পুলিশ কমিশনার (সদর) মো. ময়নুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টায় এই বদলি আদেশ দেওয়া হয়েছে। এটি নিয়মিত বদলি।
এসি (ডিবি) হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর কোতোয়ালি থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেনকে দামপাড়া পুলিশ লাইনে পরিদর্শক (ট্রেনিং) পদে বদলি করা হয়েছে। কোতোয়ালি থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপি'র কর্মকর্তা আবুল কালাম আজাদকে।
নগরীর ডবলমুরিং থানার ওসি আইনুল হককে ডিবি পরিদর্শক পদে বদলি করা হয়েছে। ডবলমুরিং থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে ডিবির পরিদর্শক রফিকুল ইসলামকে।
খুলশী থানার ওসি ইফতেখার হাসানকে ডিবিতে পরিদর্শক পদে বদলি করা হয়েছে। ডিবি'র পরিদর্শক মশিয়ার রহমানকে খুলশী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
বাকলিয়া থানার ওসি মাহবুবুল হককে ডিবি'র পরিদর্শক পদে বদলি করা হয়েছে। বাকলিয়া থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে ডিবি'র পরিদর্শক মোস্তফা মনজুর মাহমুদকে।
এদিকে সিএমপিতে সদ্য যোগদানকারী পরিদর্শক প্রদীপ কুমার দাশকে ডিবি'র পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।
একই নির্দেশে বদলি করা হয়েছে সিএমপি'র চার সহকারী পুলিশ কমিশনারকে।
পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রেজাউল মাসুদকে এসি (সদর) পদে বদলি করা হয়েছে। পাশাপাশি তিনি সিএমপি'র স্টাফ অফিসারের অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।
এসি প্রটেকশন এন্ড প্রটোকল (পিএন্ডপি) আবদুল মান্নানকে এসি পাঁচলাইশ পদে বদলি করা হয়েছে।
সিএমপি'র স্টাফ অফিসার শুক্লা সাহাকে বদলি করা হয়েছে সহকারী পুলিশ কমিশনার (দাঙ্গা দমন) পদে।
এসি (সদর) আবদুল্লাহ আল মাহমুদকে এসি (ডিবি) পদে বদলি করা হয়েছে।
এসি (বন্দর) নাইমুল হাসানকে বদলি করা হয়েছে এসি (ট্রেনিং) পদে। এসি (বন্দর) পদে দায়িত্ব দেওয়া হয়েছে সিএমপিতে সদ্য যোগদানকারী মোহাম্মদ সরওয়ার আলমকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/ডিডি/০১১৬ ঘ.
bdnews24