ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটবেল্ট না বাঁধা, হেলমেট না পরা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার অপরাধে রাজধানীতে মঙ্গলবার প্রায় ৯০০টি মামলা হয়েছে।
এ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইদিনে ২,৩৩৪টি মামলা দায়ের হলো।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আগামী দিনগুলোতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
মঙ্গলবার মোটরযান আইন লংঘন করে সিটবেল্ট না বাঁধায় ৬৬৭টি, চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলায় ৩৭টি এবং হেলমেট না পড়ে মোটর সাইকেল চালানোর অভিযোগে ১৯০টি মামলা করে ভ্রাম্যমাণ আদালত।
যানচালক ও পথচারীদের নির্ধারিত কয়েকটি আচরণ নিশ্চিত করতে সোমবার থেকে পুলিশ, র্যাব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং দেশের সব জেলা প্রশাসন সারাদেশে যৌথভাবে এই বিশেষ অভিযান শুরু করে।
ঢাকায় এ অভিযানের প্রথম দিনে সিটবেল্ট না বাঁধায় ১,১৭৬টি, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলায় ৩৮টি ও হেলমেট ছাড়া মোটর বাইক চালানোর দায়ে ২২৬ টি মামলা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মটর সাইকেল চালক ও সহযাত্রী হেলমেট এবং গাড়িচালক ও যাত্রী সিটবেল্ট ব্যবহার না করলে তাদের জরিমানা ও কারাদণ্ড দিতে পারবে অভিযান দল। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক পারাপারে নির্ধারিত স্থান বা জেব্রাক্রসিং, ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করলে অভিযানে পথচারীকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত ২১ সেপ্টেম্বর সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় সিটবেল্ট বাঁধা, মোবাইল ফোন ব্যবহার ও ওভারব্রিজ ব্যবহার বিষয়ে আলোচনা ও গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে যাত্রী-চালক এবং পথচারীদের জন্য এ নির্দেশনা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২১১৬ ঘ.
bdnews24