২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বোমা ফাটিয়ে ডাকাতি, আহত ৪

ঢাকার সাভারে বোমা ফাটিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতরা লুটপাট করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 01:57 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

সাভার, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে বোমা ফাটিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতরা লুটপাট করেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে চারজন। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে সাভারের রাজাঘাট এলাকায় ব্যবসায়ী মাহিনুর ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। সাভারের হেমায়েতপুরে তার একটি মার্কেট আছে। তিনি কাপড়ের ব্যবসায়ও করেন। টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার জিনিসপত্র লুটের অভিযোগ করে মাহিনুর মঙ্গলবার বিকালে সাভার থানায় একটি ডাকাতি মামলা করেছেন। মাহিনুর সাংবাদিকদের জানান, আনুমানিক রাত ১টার দিকে ২০-২৫ জন মুখোশ পরা ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হানা দেয়। তারা বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে। এ সময় বাড়িতে তার মা নুরুন্নাহার বেগম ও ছোট বোন রাজিয়া সুলতানা শিমু ছিলো। ডাকাতরা তাদের ঘরের দরজা ভাঙ্গতে না পেরে পাশের তার কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা আলমারি ভেঙ্গে দেড় লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। মাহিনুর জানান, তার মামা-বোনের চিংকারে প্রতিবেশীরা ছুটে এলে ডাকাতরা পরপর তিনটি বোমা ফাটায়। এসময় দুটি বোমা বাড়ির উঠানে বিকট শব্দে বিস্ফোরিত হয়। অন্যটি বিস্ফোরিত হয়নি। ডাকাতদের হামলায় আহতরা হলেন- মো. আনোয়ার হোসেন, আলী আহম্মদ, বেলাল হোসেন ও মোখলেছুর রহমান। তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলী আহম্মদ সাংবাদিকদের জানান, ধাওয়া করে ডাকাতদের ধরার চেষ্টা করলে তারা দা দিয়ে কুপিয়ে চারজনকে জখম করে। সাভার থানার ওসি মাহবুবুর রহমান জানান, অবিস্ফোরিত বোমাটি উদ্ধার করে থানায় পানিভর্তি বালতি চুবিয়ে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৯ ঘ.