টাঙ্গাইল, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা থেকে আসা মালবোঝাই এটি ট্রাক টাঙ্গাইলে উল্টে আট জন নিহত হয়েছে।
মঙ্গলবার প্রথম প্রহরে কান্দিলা এলাকায় বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা সবাই ট্রাকটির ওপরে ছিলেন। তাদের বাড়ি গাইবান্ধায়। সবজি নিয়ে তারা ঢাকা যাচ্ছিলেন।
মহাসড়ক পুলিশের টাঙ্গাইল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাইবান্ধা থেকে ঢাকাগামী কাঁচামালবোঝাই ট্রাকটি অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের ওপরে থাকা আট জন ঘটনাস্থলেই মারা যায়।"
নিহতরা হলেন- আজিজুর রহমান (৫৫), নুর মহম্মদ (৩৫), শাহানুর মন্ডল (৪৫), সোবহান (৪০), সুহিন (২২), দিরেন (৪০), হুরমুছ (৩৫) ও ফরহাদ (২০)। তাদের সবার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন গ্রামে বলে পুলিশ জানায়।
দুর্ঘটনায় আহত হয়েছেন এক জন। তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আত্মীয়-স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো নিয়ে যেতে জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন বলে পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০৮ ঘ.
bdnews24