২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোনে চাঁদা চেয়ে হত্যার হুমকি

গাইবান্ধায় একটি গোপন সংগঠনের পরিচয় দিয়ে মোবাইল ফোনে চাঁদা চেয়ে বেশ কয়েকজনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 03:49 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

গাইবান্ধা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধায় একটি গোপন সংগঠনের পরিচয় দিয়ে মোবাইল ফোনে চাঁদা চেয়ে বেশ কয়েকজনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত তিনদিন ধরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক, প্রেসক্লাবের সভাপতি, সাবেক জেলা ও দায়রা জজ, রাজনীতিবিদ, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক ও ব্যবসায়ীসহ ১৭ জনকে হুমকি দেওয়া হয়েছে। অভিযোগকারীরা জানান, সর্বহারা পার্টির কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি তাদের বলেছে- চাঁদা না দিলে সন্তানদের অপহরণসহ হত্যা এবং বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়া হবে। তারা জানান, গ্রামীণ ফোনের ০১৭৪৫৩২০৩৫০ ও বাংলালিংকের ০১৯৩৫৮০১২৯২ নম্বর থেকে তাদের কাছে ফোন করা হয়। এ ব্যাপারে জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট বাসুদেব বণিক সাংবাদিকদের জানান, জরুরি ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তিনি মনে করেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এমনটি করা হচ্ছে। তিনি লোকজনকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। চাঁদা চেয়ে যাদের কাছে ফোন করা হয়েছে এরা হলেন- গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. ফেরদৌস হোসেন মঞ্জু, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি গোবিন্দলাল দাস, শহরের দক্ষিণ ধানঘড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মজিবুর রহমান, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন, গাইবান্ধা ভোকেশনাল ইন্সটিটিউটের শিক্ষক সেলিনা ওয়াদুদ, আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের শিক্ষক আহসান হাবীব মুকুল, ব্রিজ রোডের ব্যবসায়ী সাখওয়াত হোসেন, আইনজীবী সিরাজুল ইসলাম বাবু ও সুশীল কুমার ঘোষ। তারা বলেছেন, হুমকি পাওয়ার পর তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. ফেরদৌস হোসেন মঞ্জু জানান, গত শনিবার সকাল ১০টার দিকে গ্রামীণ ফোনের ০১৭৪৫৩২০৩৫০ নম্বর থেকে ফোন করে নিজেকে সর্বহারা দলের কর্র্মী মহিউদ্দিন সিকদার পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তাকে গুলি করে মারা হবে বলে জানায় ওই ব্যক্তি। তিনি আরো জানান, গত ৩০ সেপ্টেম্বরও চাঁদা চেয়ে তাকে ফোন করা হয়। পরদিন শহরের গোরস্থান পাড়ায় তার বাসার সামনে দুটি বোমা ফাটানো হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান ডা. ফেরদৌস। গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি গোবিন্দলাল দাস বলেন, রোববার তাকে ফোন করে তিন লাখ টাকা চাঁদা চেয়েছে এক ব্যক্তি। টাকা না দিলে তার সন্তানদের অপহরণসহ হত্যার এবং বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। সদর থানার ওসি আকবর হোসেন জনান, এ ঘটনায় এই পর্যন্ত ছয়জন সাধারণ ডায়েরি করেছেন। বাকিরা মৌখিকভাবে হুমকির বিষয়টি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪১ ঘ.