২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটবেল্ট না বাঁধা, হেলমেট না পড়ায় ১৪শ' মামলা

সিটবেল্ট না বাঁধা, হেলমেট না পড়া ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার অপরাধে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রথম দিনেই প্রায় ১৫শ' মামলা হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 03:19 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটবেল্ট না বাঁধা, হেলমেট না পড়া ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার অপরাধে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রথম দিনেই প্রায় ১৫শ' মামলা হয়েছে। যানচালক ও পথচারীদের নির্ধারিত কয়েকটি আচরণ নিশ্চিত করতে সোমবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পুলিশ, র‌্যাব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং দেশের সব জেলা প্রশাসন সারাদেশে যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে। ঢাকায় এ অভিযানে মোটরযান আইন লংঘন করে সিটবেল্ট না বাঁধায় ১,১৭৬টি, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলায় ৩৮টি ও হেলমেট ছাড়া মোটর বাইক চালানোর দায়ে ২২৬ টি মামলা করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগামী দিনগুলোতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বল হয়। রাজধানীর হোটেল শেরাটনের সামনের মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট লুৎফর রহমান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নিয়মিত কর্তব্যের পাশাপাশি যারা হেলমেট ও সিটবেল্ট ব্যবহার করছেন না তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি। সকাল থেকে আমরা এ অভিযান চালাচ্ছি।" ঢাকা দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জায়েদুল ইসলাম বলেন, মানুষ সচেতন না হওয়া পর্যন্ত এ সমস্যার সমাধান হবে না। তিনি বলেন, "ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে প্রায় এক মাস ধরে সচেতনামূলক প্রচারণা চালানোর পরও আজকের অভিযানের ব্যাপারে অনেকেই জানেন না।" অভিযান চালানোর সময় অপ্রাপ্তবয়স্ক একজনকে আটক করে থানায় পাঠানো হয়েছে বলে জানান জায়েদুল। অপ্রাপ্তবয়স্করা কীভাবে ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে তা খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মটর সাইকেল চালক ও সহযাত্রী হেলমেট এবং গাড়িচালক ও যাত্রী সিটবেল্ট ব্যবহার না করলে তাদের জরিমানা ও কারাদণ্ড দিতে পারবে অভিযান দল। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সড়ক পারাপারে নির্ধারিত স্থান বা জেব্রাক্রসিং, ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করলে অভিযানে পথচারীকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত ২১ সেপ্টেম্বর সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের ৩৩তম সভায় সিটবেল্ট বাঁধা, মোবাইল ফোন ব্যবহার ও ওভারব্রিজ ব্যবহার বিষয়ে আলোচনা ও গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে যাত্রী-চালক এবং পথচারীদের জন্য এ নির্দেশনা দেওয়া হয় বলে ডিএমপি'র বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এজে/এমইউএস/আরএ/জেবি/এইচএ/২১০৯ ঘ.