২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গায়ে কেরোসিন ঢেলে আগুন, গ্রেপ্তার ২

'জ্বিনের আছর' ছাড়ানোর নামে বরগুনায় মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে ভণ্ড ফকির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

বরগুনা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'জ্বিনের আছর' ছাড়ানোর নামে বরগুনায় মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে ভণ্ড ফকির। রোববার রাতে বরগুনা সদর উপজেলার বুড়িরচর গ্রামে এই ঘটনায় ওই ভণ্ড ফকির ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ওই ফকিরের বাড়ি থেকে লাল শালু জড়ানো দুটি পাতিল ও কেরোসিনের বোতল উদ্ধার করেছে। নির্যাতনের শিকার গৃহবধূ আছিয়া খাতুনকে (৫৫) মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুস সালাম ও বরগুনা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মাহফুজুর রহমান জানান, আছিয়ার অবস্থা আশঙ্কাজনক। এসআই মাহফুজ জানান, সোমবার দুপুরে বরগুনা থানা পুলিশ ভণ্ড ফকির চিনি বেগম (২৬) ও তার স্বামী নিজাম উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে। আছিয়ার স্বামী আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, তার স্ত্রী প্রায় ১৪ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। তাকে সুস্থ্য করার নিশ্চয়তা দিয়ে তাদের গ্রামের চিনি বেগম চিকিৎসার প্রস্তাব দেন। তার কথা মত আছিয়া খাতুনকে ওই ফকিরের বাড়িতে নিয়ে গেলে রাতে তাকে আলাদা একটি কক্ষে নিয়ে চিকিৎসা শুরু করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী জিকিরের পর হঠাৎ করে আধা লিটার কেরোসিন, একটা দিয়াশলাই ও একটি ব্লেড আনতে বলা হয় তাকে। এক পর্যায়ে ফকিরের স্বামী নিজাম আছিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। আছিয়া বাঁচার জন্য চিৎকার করলেও কেউ তাকে রক্ষা করতে পারেনি। পরে অগ্নিদগ্ধ আছিয়ার শরীরে পানি ঢেলে রোগীর পাশে বসে সারারাত জিকির করা হয়। সকালে আছিয়ার অবস্থার অবনতি ঘটলে পুলিশে খবর পাঠানো হয়। থানা হেফাজতে ভণ্ড ফকির চিনি বেগম সাংবাদিকদের কাছে দাবি করেন, এটাই তার প্রথম চিকিৎসা। একদিন আগে তিনি স্বপ্নে দেখতে পান মহানবী হযরত মোহাম্মদ (সা.) তাকে আছিয়া খাতুনের চিকিৎসার জন্য বলেছেন। স্বপ্নে এই নির্দেশনা অনুযায়ী তিনি আছিয়ার চিকিৎসা দিয়েছেন বলে দাবি করেন চিনি বেগম। সদর থানা পুলিশ জানায়, এই ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৪ ঘ.