২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো শুরু

সারাদেশে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর সপ্তাহব্যাপী কার্যক্রম শুরু হয়েছে। প্রায় দুই কোটি শিশুকে ওষুধ খাওয়ানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 01:41 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর সপ্তাহব্যাপী কার্যক্রম শুরু হয়েছে। প্রায় দুই কোটি শিশুকে ওষুধ খাওয়ানো হবে। ৭ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রমের আওতায় সরকারি-বেসরকারি, আনুষ্ঠানিক-উপানুষ্ঠানিক, সাধারণ শিক্ষা ও মাদ্রাসাসহ সব ধরনের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওষুধ খাওয়ানো হবে। ৬ থেকে ১২ বছর বয়সী যেসব শিশু পড়াশোনা করছে না তাদের এ ওষুধ দেওয়া হবে। সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আফম রুহুল হক ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে তিনজন ছাত্রকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন। এ কার্যক্রমের আওতায় শিশুদের বিনামূল্যে এক ডোজ এলবেন্ডাজল (৪০০ মি. গ্রা.) অথবা মেবেন্ডাজল (৫০০ মি. গ্রা.) ট্যাবলেট খাওয়ানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "যেসব শিশুর পেটে খুব বেশি কৃমি আছে তাদের এটি খাওয়ানোর পর কিছুটা বমিভাব বা সামান্য অসুস্থতা দেখা দিতে পারে। এটি শিশুর জন্য কিছুতেই ক্ষতিকর নয়।" এ ক্ষেত্রে কোনোভাবে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করতে অভিভাবকদের পরামর্শ দেন মন্ত্রী। তিনি শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে নেওয়ার আগে অবশ্যই কিছু খাইয়ে নেওয়ারও পরামর্শ দেন। ২০০৮ সালে ১ নভেম্বর থেকে জাতীয়ভাবে কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের মাধ্যমে বছরে দু'বার বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হচ্ছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মুহম্মদ হুমায়ুন কবির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডাইরেক্টর (সিডিসি) অধ্যাপক মোয়াজ্জেম হোসেন এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল কামরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৯৪১ ঘ.