ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুই অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। সেইসঙ্গে আগে নিয়োগ পাওয়া দুইজন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী করা হয়।
সোমবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৯৫ ও ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ দিয়েছেন।
নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফরিদ আহ্মেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নজরুল ইসলাম তালুকদার। শপথ গ্রহণের দিন থেকে দুই বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি বোরহান উদ্দিনকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি নিয়োগ করা হয়েছে। তাদের শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
বর্তমান সরকার ক্ষমতায় এসে হাইকোর্টে ১৭ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৮৫৩ ঘ.
bdnews24