গাজীপুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছে।
সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার কারলসুরিচালা এলাকার উইন্টার কালেকশন লিমিটেড নামের কারখানাটির শ্রমিকরা বিক্ষোভ করে বলে পুলিশ জানিয়েছে।
একই দাবিতে তারা গত ছয়দিন ধরে কর্মবিরতি পালন করে আসছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, শ্রমিকরা দাবি করছে কর্তৃপক্ষ তাদের অগাস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন গত মাসের ১২ তারিখ দেওয়ার কথা বললেও দেয়নি।
এ নিয়ে কারখানা কর্তৃপক্ষ টালবাহানা করছে বলে শ্রমিকরা অভিযোগ করেন।
কারখানাটির চার শতাধিক শ্রমিক গত মাসের ২৭ তারিখ থেকে কর্মবিরতি শুরু করে।
শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রেখে অক্টোবর মাসসহ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল ১০টা থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করতে থাকে।
এসআই জানান, খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে শ্রমিক, কারখানার কর্মকর্তা ও পুলিশ বৈঠক করে।
বৈঠকে কর্তৃপক্ষ শ্রমিকদের সব পাওনা বুধবার সকালে পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকরা তা মেনে নেয়।
কারখানার শ্রমিক সোহরাব হোসেন সাংবাদিকদের বলেন, বেতন না পাওয়ায় বাড়ির মালিককে ভাড়া, দোকানের বকেয়া পাওনা দিতে পারছেন না তারা।
বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকদের কর্মবিরতি চলবে বলেও তিনি জানান।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক গোপাল বাবু বলেন, ব্যাংকের সমস্যার করণে শ্রমিকদের বেতন দিতে পারেননি তারা। বুধবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৮ ঘ.
bdnews24