ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের পরামর্শে সরকার জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম-জেলা জজ পদমর্যাদার চার কর্মকর্তার পদে রদবদল করেছে।
সোমবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিপ্ততিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকার দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্টের চেয়ারম্যান জেলা জজ পদমর্যাদার মো. কামরুল হোসেন মোল্লাকে দুর্নীতি দমন কমিশনের মহা-পরিচালক (লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন) পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার মেহেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহফুজার রহমানকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং কুমিল্লার অতিরিক্ত জেলা জজ হাসিনা রৌশন জাহানকে ঢাকা মহানগর দায়রা আদালতের অতিরিক্ত মহানগর দায়রা জজ পদে বদলি করা হয়।
ঢাকার পরিবেশ আদালতের যুগ্ম-জেলা জজ ফউজুল আজিমকে হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি প্রধান বিচারপতির দপ্তরে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৮১৭ ঘ.
bdnews24