সাভার, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভের ঘটনায় সাভারে একটি সোয়েটার কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) 'সফটটেক্স সোয়ের্টাস লিমিটেড' নামের কারখানাটি বন্ধ ঘোষণা করে এর মূল ফটকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।
সকাল ৯টায় শ্রমিকরা কাজে যোগ দিতে এসে নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে পুলিশ এসে শ্রমিকদের শান্ত করে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কম মজুরি দেওয়ার অভিযোগে রোববার শ্রমিকরা কর্মবিরতি শুরু করলে পরদিন কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।"
রোববার সন্ধ্যায় অক্টোবর মাসের বেতন দেওয়া হয়। রাত ১০টায় কারখানা ছুটির সময় শ্রমিকদের দাবির বিষয়টি পরদিন মীমাংসা করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।
ওসি জানান, কারখানা বন্ধের ঘোষণায় শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেনি।
এ ব্যাপারে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এর মহাব্যবস্থাপক আশরাফুল কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/১৭৩৩ ঘ.
bdnews24