২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক মিজানুরের বাড়িতে শিক্ষামন্ত্রী

উত্ত্যক্তের প্রতিবাদকারী শিক্ষক মিজানুর রহমানকে হত্যার ঘটনায় দায়ের মামলার কার্যক্রম দ্রুত সম্পন্নের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 09:42 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

রাজশাহী, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তের প্রতিবাদকারী শিক্ষক মিজানুর রহমানকে হত্যার ঘটনায় দায়ের মামলার কার্যক্রম দ্রুত সম্পন্নের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। সোমবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার চক লক্ষ্মীপুর গ্রামে মিজানুরের বাড়িতে যেয়ে তার মা জাহেরা বেগমকে এ আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। তখন মিজানুরের স্ত্রী রাজিয়া বেগম ও চার বছরের মেয়ে মম ঢাকায় ছিলেন। ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের রসায়নের প্রভাষক মিজানুর রহমান (৩৬) গত ১২ অক্টোবর কলেজের সামনে বখাটেদের হামলার শিকার হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় ২৪ অক্টোবর ঢাকায় মারা যান তিনি। মিজানুরের মাকে মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী আপনাদের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। মিজানুরের স্ত্রীর চাকরির ব্যবস্থা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে।" পরে তিনি মিজানুরের কবর জিয়ারত করেন। এর আগে সকালে মন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁয় উত্ত্যক্তকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত এক পরিবারের তিনজনকে দেখতে যান। মন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেন। এ সময় মন্ত্রী সাংবাদিকেদের বলেন, "মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। মুখ বুঝে বখাটেদের অত্যাচার-নির্যাতন সহ্য করার দিন শেষ। সবাই প্রতিবাদ করতে শিখেছে। তাদের বিরুদ্ধে আরো সোচ্চার হতে হবে।" "উত্ত্যক্তকারীদের প্রতিরোধে সরকার সব সময়ই জনগণের পাশে রয়েছে, আগামীতেও থাকবে", বলেন তিনি। এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক অধ্যাপক নোমান উর রশিদ, সাংসদ অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, রাজশাহীর বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ দিলোয়ার বখত, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাদশা উপস্থিত ছিলেন। ১২ অক্টোবর দুপুরে লোকমানপুর কলেজের সামনের রাস্তায় আসিফ ও রাজন মটর সাইকেল উঠিয়ে দিয়েছিলো শিক্ষক মিজানুর রহমানের ওপর। এরপর তারা রড দিয়ে তাকে দেধড়ক পেটায়। এতে গুরুতর যখম মিজানুরকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৪ অক্টোবর তাকে ঢাকায় পাঠানো হয়। একই দিন বাগাতিপাড়া থানায় আসিফ ও রাজনকে আসামি করে একটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করেন মিজানুরের স্ত্রী। মিজানুরের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৫৩৩ ঘ.