২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ২৩ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন

আরো ২৩ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন জমা পড়েছে শিক্ষা মন্ত্রণালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 05:47 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরো ২৩ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন জমা পড়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। এর মধ্যে আটটি ঢাকায় এবং বাকিগুলো ঢাকার বাইরে স্থাপনের জন্যে ইতোমধ্যেই প্রকল্প প্রস্তাবনাসহ আবেদন করা হয়েছে। গত দুই মাসে এসব আবেদন জমা পড়ে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ আবেদনগুলো মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে পাঠানো হবে। আইন অনুযায়ী সব শর্ত পূরণ করে আবেদন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখবে কমিশন। এরপর শর্ত পূরণ সাপেক্ষে তাদের অনুমোদন দেওয়ার সুপারিশ করা হবে। কমিশনের সুপারিশ অনুযায়ী মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোকে অনুমোদন দেবে। অধ্যাপক নজরুল আরো বলেন, ২০০৭ সালের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকায় কোনো নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমতি দেওয়া যাবে না। তবে, সরকার চাইলে অনুমতি দিতে পারে। 'বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০' অনুযায়ী তারা অনুমোদন পাবে। এর আগে আবেদন করা ৩৫ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদন নতুন আইনের কারণে বাতিল হয়ে যাবে। এর মধ্যে আগের ৭ টিসহ নতুন ১৬ টি মিলিয়ে মোট ২৩ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আবেদন করেছে। ঢাকার জন্য আবেদন করা বিশ্ববিদ্যালয়গুলো হলো- এক্সিম ইউনিভার্সিটি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলোজি, বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নূর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইডিয়াল ইউনিভার্সিটি এবং বেস্টওয়ে ইউনিভার্সিটি। ঢাকার বাইরের জন্য আবেদন করা ১৬ টি বিশ্ববিদ্যালয় হলো- মেরিট ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, সুপ্রীম ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আহছানিয়া মিশন বিশ্ববিদ্যালয়, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, রাজশাহী মেট্রোপলিটন ইউনিভার্সিটি, খান জাহান আলী বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলোজি, আরডিআরএস ইউনিভার্সিটি, কুমিল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, টিএমএসএস ইউনিভার্সিটি বাংলাদেশ, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২৩৪০ ঘ.