২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ১৫ দিনে তিন হত্যাকাণ্ড

নরসিংদী জেলা ছ্ত্রালীগের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান ওরফে জামানকে (৩৫) রোববার রাতে দুর্বৃত্তরা খুন করেছে। এ ঘটনায় পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 03:02 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

নরসিংদী, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী জেলা ছ্ত্রালীগের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান ওরফে জামানকে (৩৫) রোববার রাতে দুর্বৃত্তরা খুন করেছে। এ ঘটনায় পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- আঙ্গুর (২৬) ও বাবু ওরফে ঢোল বাবু (২২)। ভোর ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত ১৫ দিনে জেলা শহরে তিনজন খুন হল। জামানের পরিবার জানায়, রোববার রাতে কয়েকজন দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ির কাছেই প্রথমে তার দু'হাত কেটে ফেলে। এরপর জবাই করে হত্যা করে। এ সময় তার চিৎকারে পাশপাশের লোকজন এগিয়ে এলে তারা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় জামানের বোন শাহিনুর বেগম রোববার রাতে আটজনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। সোমবার সকালে নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বাদ যোহর তার লাশ শহরের পূর্ব দত্তপাড়া গোরস্থানে দাফন করা হয়। জামানের মা মমতাজ বেগম বলেন, পূর্ব শত্র"তার জের ধরে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। নরসিংদী সদর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এটিসহ গত ১৫ দিনে জেলা শহরে তিনটি খুনের ঘটনা ঘটে। গত ১২ অক্টোবর শহরের কাউরিয়াপাড়ায় পরিবহন শ্রমিক বল্লাকে একইভাবে হত্যা করা হয়। গত ২৯ অক্টোবর শহরের ভাগদীতে আলমগীর (১৮) নামে এক তাঁত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। নরসিংদী পুলিশ সুপারিন্টেন্ডেট (এসপি) আক্কাস উদ্দিন ভূইয়া জানান, এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত আছে। নরসিংদী জেলা প্রশাসক অমৃত বাড়ৈ, পুলিশ সুপারিনটেনডেন্ট আক্কাস উদ্দিন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. মতিন ভূইয়া, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা জামানের বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৩৪ ঘ.