২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট গ্রেনেড হামলায় সম্পৃক্ততা স্বীকার মালেকের

২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিজের সম্পৃক্ততা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন হিযবুল মুজাহেদীন সদস্য সাতক্ষীরার আব্দুল মালেক ওরফে গোলাম মাওলা (৪৬)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিজের সম্পৃক্ততা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন হিযবুল মুজাহেদীন সদস্য সাতক্ষীরার আব্দুল মালেক ওরফে গোলাম মাওলা (৪৬)। রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত তিনি ঢাকার মহানগর হাকিম একেএম এমদাদুল হকের আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন। তিন দফায় ১০ দিন হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে মালেককে রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্তৃপক্ষ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রের্কডিং কর্মকর্তা উপপরিদর্শক এসএম গাফ্ফারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালেক ২১ অগাস্ট গ্রেনেড হামলার জন্য আগের রাতে রাজধানীর মোহাম্মদপুরে হামলার প্রস্তুতিসভায় অংশ নেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে স্বীকারোক্তিমূলক জবানবন্দির অন্য কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন রেকর্ডিং কর্মকর্তা। হেফাজত ফেরতের প্রতিবেদনে বলা হয়, সাতক্ষীরার ইন্দ্র নগরের কালিগঞ্জের আব্দুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ ওরফে জিএম এ মামলার অভিযুক্ত মাওলানা তাজউদ্দিন, মুফতি হান্নান, আরিফ হাসান সুমন, হাফেজ মাওলানা আবু তাহের, আব্দুল মজিদ বাটসহ অন্যদের যোগসাজশে ২১ অগাস্ট গ্রেনেড হামলার আগে রাজধানীর মোহাম্মদপুরে ষড়যন্ত্র ও প্রস্তুতিমূলক কাজে অংশ নেয় বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে বাংলাদেশের সব গ্রেনেড হামলা সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলেও উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, তিনি নিষিদ্ধ হরকাতুল জিহাদসহ অন্য জঙ্গী দলকে অর্থায়ন, প্রশিক্ষণসহ একদেশ থেকে অন্য দেশে জঙ্গি স্থানান্তরে জড়িত। রোববার জবানবন্দি শেষে মালেককে কারাগারে পাঠানো হয়। গত ৪ আক্টোবর রাতে মালেকসহ দুজনকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯৫৭ ঘ.