চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হবে।
এ মামলায় গ্রেপ্তার দেখানো বাবরের হেফাজতে জিজ্ঞাসাবাদে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই মামলায় বাবরকে ১০ দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আবেদন জানানো হয়।"
আদালতে হাজির করানোর জন্য শুক্রবার রাতে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে সড়কপথে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।
গত ১৩ অক্টোবর বাবরের উপস্থিতিতে হেফাজত আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে উচ্চ আদালতের স্থগিতাদেশের প্রেক্ষিতে তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়নি।
সিআইডি'র আবেদনের প্রেক্ষিতে গত ৩ অক্টোবর চট্টগ্রাম মহানগর হাকিম ফজলুল বারীর আদেশে লুৎফুজ্জামান বাবরকে ১০ ট্রাক অস্ত্র মামলার গ্রেপ্তার দেখানো হয়।
ওইদিনই মামলার আইও বাবরকে ১০ দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদন জানান।
২০০৪ সালের ১ অক্টোবর গভীর রাতে চট্টগ্রামের সংরক্ষিত সিইউএফএল জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়।
ওই কমিটির প্রতিবেদনকে প্রভাবিত করে মামলার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে। তদন্ত দলের তিন সদস্য এ মামলায় ইতিমধ্যে সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দিতেও বাবরের হস্তক্ষেপের বিষয়টি উঠে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯৪৭ ঘ.
bdnews24