ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাজার মেয়াদ পার হওয়ার পরও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বন্দি পাঁচ শতাধিক বাংলাদেশিকে ফিরিয়ে আনার ব্যাপারে ঢাকায় হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী শহিদুল ইসলাম রোববার বিচারপতি ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চে আবেদনটি দায়ের করেন।
এতে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর দৈনিক প্রথম আলো পত্রিকায় 'পশ্চিমবঙ্গে আড়াই হাজারের বেশি বাংলাদেশি কারাবন্দি' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, তাদের মধ্যে ৫০০ এর বেশি বন্দি রয়েছে যাদের কারাদণ্ডের মেয়াদ তিন-চার বছর আগেই শেষ হয়েছে। কিন্তু দুই দেশের কূটনৈতিক জটিলতার কারণে এসব বন্দি দেশে ফিরতে পারছে না।
এসব বন্দিকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ চাওয়া হয়েছে আবেদনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/কেএমএস/১৬৩২ ঘ.
bdnews24