ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহছানুল হক মিলনকে চাঁদাবাজির দুটি মামলায় তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি মো. আব্দুল হাইয়ের বেঞ্চ মিলনের জামিন আবেদনে এ আদেশ দেয়।
মিলনের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন।
মিলনের নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরে মামলা দুটি দায়ের করা হয় গত ৩০ অগাস্ট। কচুয়া থানায় স্থানীয় আওয়ামী লীগ সমর্থক হারুনূর রশিদ ও আবদুল্লাহ আল মামুন মামলা দুটি দায়ের করেন।
কারাবন্দি মিলনের বিরুদ্ধে এই দুটিসহ চাঁদপুরের আদালত ও বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৬১৪ ঘ.
bdnews24