২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্রমিক ছাঁটাই, কারখানা বন্ধ ঘোষণা

ঢাকার সাভারে একটি সোয়েটার কারখানার ২৪শ শ্রমিককে ছাঁটাই করে অনির্দিষ্টকালের জন্য তা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 10:05 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

সাভার, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে একটি সোয়েটার কারখানার ২৪শ শ্রমিককে ছাঁটাই করে অনির্দিষ্টকালের জন্য তা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার সকালে সাভারের কলমা এলাকার 'নাভানা সোয়ের্টাস লিমিটেড' কর্তৃপক্ষ এ ব্যাপারে কারখানার ফটকে একটি নোটিশ টাঙিয়ে দেয়। তবে শ্রমিকরা দাবি করছে, কারখানার সাড়ে চার হাজার শ্রমিকের সবাইকেই ছাঁটাই করা হয়েছে। শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে কারখানায় এসে নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে উঠে। একপর্যায়ে তারা মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিল শুরু করে। কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আগামী ৪ নভেম্বরের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা চলে যায়। সাভার মডেল থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি এখন শান্ত। কারখানায় পুলিশ মোতায়েন আছে।" নাভানা সোয়েটার্স লিমিটেড এর জ্যেষ্ঠ নির্বাহী প্রশাসনিক কর্মকর্তা নাজমুল মাওলা (মিলন) জানান, আর্থিক লোকসানের কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করেছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারখানার ২৪শ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। আগামী ৪ নভেম্বর ছাঁটাই শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধ করার ঘোষণা দেওয়া হয়েছে।" শ্রম আইন ২০০৬ এর ২০ ধারা অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন কারখানায় কোনো কাজ নেই। শ্রমিকদের বসিয়ে বসিয়ে বেতন দেওয়া হচ্ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/১৫৫১ ঘ.