২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংযোগকারী গাজীপুরের কালিয়াকৈর বাইবাস সড়ক থেকে ২৫-৩০ ফুট নিচে খাদের পানিতে পড়ে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 08:24 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

গাজীপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংযোগকারী গাজীপুরের কালিয়াকৈর বাইবাস সড়ক থেকে ২৫-৩০ ফুট নিচে খাদের পানিতে পড়ে আছে। পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছে। তবে বাসের নিচে চাপা পড়ে কোনো যাত্রী নিহত হয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। গোড়াই মহাসড়ক থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় দমকল কর্মী ও মহাসড়ক পুলিশ ফাঁড়ির সদস্যরা বাসটি উদ্ধারের চেষ্টা চালিয়েও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে রোববার দুপুর ২টা পর্যন্ত উদ্ধার করতে পারেনি। বাসের নিচে চাপা পড়ে কোনো যাত্রী মারা গেছে কি না তাও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে বিল্লাল (৪৯), আরমান (২৬), মুক্তার হোসেন (৪৫), মাসুদ রানা (২৮), আরিফুল ইসলাম (২৮), নুরু মিয়া (২৬), মুক্তার (৪০), আজহারুল ইসলাম (২৩), মাহফুজুর রহমান (১৯), রাশেদ হোসেন (২০), রফিকুল ইসলাম (৩২), তাইজুল ইসলাম (২৪), মনির হোসেন (২৫), শুভ (২৪), শোভন (২৪), বাদল (২৫), হেলাল (৪০), সহিদ (৪৫), নুর আলম (৩৫) ও মিজানুর রহমান (৩০) কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় আহত পাঁচ যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১৪২৪ ঘ.