ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মৎস্য ভবন এলাকায় হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে যাওয়া এক যুবক হাসপাতালে মারা গেছেন।
চিড়িয়াখানা এক্সপ্রেস বাসের হেলপারের ধাক্কায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাস থেকে পড়ে আহত শেখ বদরুজ্জামান (৩২) রাতে ইউনাইটেড হাসপাতালে মারা যান।
চিড়িয়াখানা এক্সপ্রেসের ঢাকা মেট্রো জ-১১-১৬৯৪ নম্বরের বাসটি আটক করা হয়েছে এবং বাসের ড্রাইভার আল আমীন ও হেলপার হারুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রমনা থানার উপ-সহকারী পরিদর্শক হিমাংশু চন্দ্র।
বদরুজ্জামানের এক সহযাত্রী ও হিমাংশু চন্দ্র জানান, মিরপুর থেকে বদরুজ্জামান ও তার ভাইয়ের ছেলে সাখাওয়াৎ মৎস্য ভবনের উদ্দেশ্যে বাসে ওঠেন। বাস মৎস্য ভবন এলাকায় যথাস্থানে না থামানোয় হেলপারের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
এ সময় বাসের গতি একটু কমিয়ে হেলপার তাদের ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয়। দুজনকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সাখাওয়াৎ প্রথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেলেও বদরুজ্জামানকে ইউনাইটেড হাসপাতলে নিয়ে যাওয়া হয়। রাতে ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যায়।
এ বিষয়ে রমনা থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানান হিমাংশু চন্দ্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২২১০ ঘ.
bdnews24