২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্ষমতা দখলের ভুল সেনাবাহিনী আর করবে না'

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা দখলের মতো ভুল সেনাবাহিনী আগামীতে আর করবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 01:39 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা দখলের মতো ভুল সেনাবাহিনী আগামীতে আর করবে না। সেনাবাহিনীকে সবসময় উসকে দেওয়া হচ্ছে মন্তব্য করে এ প্রেক্ষিতে শনিবার 'ক্ষমতা দখল' বিষয়ে এ মন্তব্য করেন সাজেদা চৌধুরী। কোনো ব্যক্তি বা গোষ্ঠির নাম উল্লেখ না করে কার্যত বিএনপি'র প্রতি ইঙ্গিত দিয়ে সাজেদা বলেন, "ওরা সবসময় আর্মিকে উসকাচ্ছে। যেন ক্ষমতা গ্রহণ করে আর ওনাকে ক্ষমতায় বসিয়ে দেয়।" মুক্তাঙ্গনে শনিবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আরো বলেন, "রূপগঞ্জে ক্যান্টনমেন্ট হচ্ছে- এই প্রচারণা চালিয়ে গণ্ডগোল বাধিয়ে দেওয়া হয়েছিলো।" নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনা আবাসনের জমি কেনা নিয়ে স্থানীয়দের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর সংঘর্ষ হয় গত ২৩ অক্টোবর। এতে ১০ জন গুলিবিদ্ধসহ প্রায় অর্ধশত আহত হন। গুলিবিদ্ধদের একজন পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 'খালেদা জিয়া ও তারেক রহমানের ধ্বংসাত্মক রাজনীতির' প্রতিবাদে শনিবারের ওই সমাবেশ আয়োজন করে যুবলীগ। সমাবেশে সাজেদা দাবি করেন, "খালেদা জিয়া গভীর রাত পর্যন্ত তার গুলশানের অফিসে বসে ষড়যন্ত্র করছেন।" বিডিআর বিদ্রোহের ঘটনার দিন কোনো পুলিশ পাহারা ছাড়াই কালো কাচের গাড়িতে করে খালেদা জিয়া সেনানিবাস থেকে বেড়িয়ে যান উল্লেখ করে সাজেদা বলেন, "জাতির দুর্যোগে যে নেত্রী পালিয়ে যান সে নেত্রী জাতিকে কোনো নেতৃত্ব দিতে পারেন না।" খন্দকার দেলোয়ার হোসেন মধ্যবর্তী নির্বাচনের যে দাবি তুলেছেন তা এ সময় নাকচ করেন সাজেদা। যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম, মহিউদ্দিন আহমেদ মহি, নুরুন্নবী চৌধুরী শাওন, আবুল বাশার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯২৬ঘ.