টাঙ্গাইল, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে একটি বাসের চালকসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৫ জন।
শনিবার বিকাল ৫টার দিকে মির্জাপুর উপজেলার ইছাইল এলাকায় বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ পরিবহনের বাসের চালক মোখলেসুর রহমান (৩৬) এবং রংপুর থেকে ঢাকাগামী দূরদূরান্ত পরিবহনের বাসের যাত্রী ফারজানা রহমান (২৪)।
মোখলেসের বাড়ি গাইবান্ধা জেলায়, ফারজানার বাড়ি রংপুরে। দুর্ঘটনায় আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাপুর থানার ওসি হাবিবুল্লা সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহীগামী হানিফ পরিবহনের বাসটির সঙ্গে ইছাইল এলাকায় বিপরীতমুখী দূরদূরান্ত পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে দুজন ঘটনাস্থলেই মারা যায়।
বরিশালে মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
গৌরনদী উপজেলার সরিকল-আগরপুর সড়কের সরিকল স্কুল সংলগ্ন স্থানে শনিবার সকালে মটর সাইকেলের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে পুলিশ জানায়।
সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আলাউদ্দিন জানান, সকাল সাড়ে ৭টার দিকে মটর সাইকেলের ধাক্কায় নিহত হন গৌরনদীর মহিষা গ্রামের নিকুঞ্জ রঞ্জন ঋষি দাস (৭০)।
পুলিশ মটর সাইকেলটি আটক করেছে। তবে এর চালক বাবুগঞ্জের কেদারপুর গ্রামের কাওসার হোসেন পারিয়ে গেছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.
bdnews24