২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বস্ত বিমানের নিখোঁজ বৈমানিকের সন্ধান মেলেনি

যমুনায় বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের নিখোঁজ বৈমানিকের সন্ধান শনিবার বিকাল পর্যন্ত মেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 11:58 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনায় বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের নিখোঁজ বৈমানিকের সন্ধান শনিবার বিকাল পর্যন্ত মেলেনি। ফ্লাইং ক্লাবের সেসনা বিমানটি দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ওমরপুর এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটিতে দুজন আরোহী ছিলেন। এর মধ্যে প্রশিক্ষণার্থী বৈমানিক শামসু উদ্দিন (২৪) কে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নিখোঁজ কামরুল হাসানের (২৬) জন্য নদীতে অনুসন্ধান চলছে বলে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশাররফ হোসেন জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, রাজশাহীর একটি ডুবুরি দল নিখোঁজ বৈমানিককে খুঁজতে কাজ করছে। ডুবুরিরা বিধ্বস্ত বিমানের সামান্য কিছু অংশ উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে বিমানের একটি চাকা, জুতা, ব্যাগ ও এয়ারফোন। তবে বৈমানিক কামরুলের সন্ধান পায়নি। ঘাটাইল থেকে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ১০ সদস্যের একটি দল দুপুর ৩টায় সেখানে কাজ শুরু করেছে। সেনাবাহিনী, দমকল বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফ্লাইং ক্লাবের ওই বেসরকারি প্রশিক্ষণ বিমানটি সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। পৌনে ১২টার দিকে চৌহালী উপজেলার ওমরপুর ইউনিয়নের দত্তকান্দি এলাকায় যমুনা নদীতে এটি বিধ্বস্ত হয়।" স্থানীয়রা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি দত্তকান্দি এলাকার আকাশে ৭/৮টি পাক দেয়। পরে একটি গাছের সাথে ধাক্কা লেগে বিমানের একটি পাখা ভেঙে যায়। এরপর তা নদীতে পড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫১ ঘ.