২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিচারকরা আল্লাহ ও মানুষের কাছে দায়বদ্ধ'

বিচারকদের আল্লাহ ও মানুষের কাছে দায়বদ্ধ থাকতে হয় মন্তব্য করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের পরিশ্রমী হতে বলেছেন প্রধান বিচারপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 11:44 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারকদের আল্লাহ ও মানুষের কাছে দায়বদ্ধ থাকতে হয় মন্তব্য করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের পরিশ্রমী হতে বলেছেন প্রধান বিচারপতি। শনিবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিচার বিভাগীয় সম্মেলনে জ্যেষ্ঠ বিচারিক হাকিমদের উদ্দেশে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, "বিচারকের পদটি পরিশ্রমের। এ পদে দায়িত্ব পালনকারীকে পরিশ্রমী হতে হয়। বিচারকদের আল্লাহ ও মানুষের কাছে দায়বদ্ধ থাকতে হয়।" সম্মেলনে ৭৫ জন জ্যেষ্ঠ বিচারিক হাকিম অংশ নেন। খায়রুল হক দীর্ঘদিন পড়ে থাকা মামলা বিশেষ ব্যবস্থাপনায় নিষ্পত্তির জন্য উদ্যোগী হতে তাদের প্রতি আহ্বান জানান। "একটি মামলার সাক্ষী শুরু হলে তা অব্যাহত রাখতে হবে," জানিয়ে প্রধান বিচারপতি বলেন, "২০০৫ সালের আগের মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।" এ সময় বিচারকরা এজলাস ও বিচারক সংকট এবং পে কমিশনের রিপোর্ট বাস্তাবায়ন না করার বিষয় প্রধান বিচারপতির কাছে তুলে ধরেন। প্রধান বিচারপতি তাদের এ সমস্যা সমাধানের আশ্বাস দেন। সম্মেলনের পর সুপ্রিমকোর্টের রেজিস্ট্রর আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, সারাদেশে আদালতগুলোতে ১৬ লাখ মামলা বিচারাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/পিডি/১৭৪০ঘ.