২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন যন্ত্রপাতি পাচ্ছে বন্দর

চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে আরো দক্ষ ও গতিশীল করে তুলতে চলতি অর্থ বছরে নতুন যন্ত্রপাতি কেনা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 11:06 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে আরো দক্ষ ও গতিশীল করে তুলতে চলতি অর্থ বছরে নতুন যন্ত্রপাতি কেনা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শনিবার বন্দর পরিস্থিতি নিয়ে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বন্দর সচিব সৈয়দ মোহাম্মদ ফরহাদ উদ্দিন জানান, ২০১০-২০১১ অর্থবছরে ৪৫টি নতুন যন্ত্র কেনা হবে। এগুলোর মধ্যে রয়েছে- তিনটি কন্টেইনার মুভার, ১৫টি ফর্ক লিফট, ছয়টি স্ট্যাডল ক্যারিয়ার ও দুটি ওয়ে ব্রিজ। এ লক্ষ্যে দরপত্র আহবানের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে বন্দর সচিব বলেন, "একমাসের মধ্যে বন্দরে পণ্য ও কন্টেইনার উঠানামার কাজে ৩১টি নতুন ইক্যুইপমেন্ট ব্যবহার করা হবে। এতে বন্দরের দক্ষতা বহুগুণ বেড়ে যাবে।" সেনা মোতায়েনের পর বন্দরের দক্ষতা বাড়ছে বলে জানান তিনি। "তবে বিষয়টি পুরোপুরি বন্দরের ওপর নির্ভর করে না। এ জন্য স্টেক হোল্ডারদের আরো গতিশীল হওয়া প্রয়োজন", যোগ করেন বন্দর সচিব। পরিচয়পত্র, কল্যাণ ভাতা ও উৎসব বোনাসসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর গত ১৩ অক্টোবর বন্দরের নিরাপত্তার দায়িত্ব নেয় সেনা সদস্যরা। বন্দরের পরিস্থিতি স্বাভাবিক দাবি করে সৈয়দ ফরহাদ জানান, বর্তমানে বন্দরের জেটিতে প্রতিটি জাহাজের গড় অবস্থানকাল তিনদিন। বন্দরে প্রতিদিন গড়ে পাঁচ হাজার টিইইউএস (২০ ফুট দৈর্ঘ্যরে কন্টেননার) ওঠানামা হচ্ছে এবং দুই হাজার কন্টেইনার ডেলিভারি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া ব্রেক বাল্ব জেটিতে (সাধারণ খাদ্যশস্যবাহী) ২২ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত গড়ে ৫ লাখ ৪০ হাজার ১৪ মেট্রিক টন পণ্য খালাস করা হয়েছে। শ্রমিকদের কল্যাণে বন্দর কর্তৃপক্ষ ও বার্থ অপারেটররা বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে বন্দর সচিব বলেন, বন্দরের শ্রমিকদের মাঝে পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। ইতিমধ্যে আড়াইশ শ্রমিককে পরিচয়পত্র দেয়া হয়েছে। এছাড়া শ্রমিকদের জন্য ভ্রাম্যমান হাসপাতাল করা হয়েছে। প্রতিদিন গড়ে দুইশ শ্রমিককে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। ব্রিফিংয়ে বন্দরে মোতায়েন সেনাবাহিনীর পক্ষে বক্তব্য রাখেন মেজর শাহরিয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেবি/এমআই/১৭০০ ঘ.