সিরাজগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র ২০ টাকার জন্য সিরাজগঞ্জে এক কিশোরকে গলাকেটে হত্যার চেষ্টা করা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।
বেলায়েত হোসেন (১৪) নামের ওই কিশোরকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ওপর হামলায় জড়িত অভিযোগে ইসমাইল হোসেন নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
স্থানীয় বাসিন্দা আবু বায়দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তর খাসকাউলিয়া গ্রামের দরিদ্র ডাবলু মিয়ার ছেলে বেলায়েত পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ডুমুরিয়া ভাররা গ্রামের রায়েজ উদ্দিনের ছেলে ইসমাইল হোসেনের কাছ থেকে ২০ টাকা ধার নিয়েছিল।
সঠিক সময়ে টাকা ফেরত দিতে না পারায় বেলায়েতকে শুক্রবার সন্ধ্যায় তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ইসমাইল। রাত ৮টার দিকে সে তের পাইলট স্কুলের সামনে কালভার্টের নিচে হাত-পা বেধে ধারালো ছুরি দিয়ে বেলায়েতকে জবাই করার চেষ্টা করে।
ওই পথ দিয়ে যাওয়ার সময় আবু বায়দা কালভার্টের নিচে গোংগানির শব্দ শুনে কাছে গিয়ে বেলায়েতকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকার শুনে লোকজন এসে বেলায়েতকে উদ্ধার করে প্রথমে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এসময় বিক্ষুব্ধ জনতা ইসমাইলকে আটক করে পুলিশে দেয়।
চৌহালী থানার পরিদর্শক আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযুক্ত ইসমাইল হোসেন থানা হেফাজতে রয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ না দেয়ায় রাত সাড়ে ১০টা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩১৩ ঘ.
bdnews24