২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

সিরাজগঞ্জে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যমুনা নদীতে পড়েছে। এতে দুজন বৈমানিক ছিলেন, এর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 06:21 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যমুনা নদীতে পড়েছে। এতে দুজন বৈমানিক ছিলেন, এর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। চৌহালী উপজেলার ওমরপুর এলাকায় শনিবার বেলা পৌনে ১২টার দিকে বিমানটি বিধ্বস্ত হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। পুলিশ প্রথমে বিমানটিকে বিমানবাহিনীর বললেও পরে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশাররফ হোসেন নিশ্চিত করেছেন এটি একটি বেসরকারি ফ্লাইং ক্লাবের প্রশিক্ষণ বিমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফ্লাইং ক্লাবের বেসরকারি প্রশিক্ষণ বিমানটি সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। পৌনে ১২টার দিকে চৌহালী উপজেলার ওমরপুর ইউনিয়নের দত্তকান্দি এলাকায় যমুনা নদীতে এটি বিধ্বস্ত হয়।" বিমানটিতে দুজন বৈমানিক ছিলেন জানিয়ে পুলিশ সুপার বলেন, একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার বৈমানিককে বেলকুচি উপজেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। অন্য আরোহীর অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে উদ্ধারে স্থানীয় প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোশাররফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/আরএ/কেএমএস/এমআই/১৩১৫ ঘ.