ঠাকুরগাঁও, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন এক মন্দিরের সেবায়েত।
বৃহস্পতিবার রাতে উপজেলার নসীবগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম- শশী মোহন (৭০)। তিনি নসীবগঞ্জ বাজারের সোনাই কালী মন্দিরের সেবায়েত ছিলেন।
এলাকাবসীর বরাত দিয়ে পীরগঞ্জ থানার ওসি আব্দুল হামিদ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নসীবগঞ্জ বাজারে সোনাই কালী মন্দিরের সহ-সভাপতি শুভেন্দ্রনাথ কালিপূজা উপলক্ষে ওই এলাকার শিক্ষক ধনেশ্বর বর্মণের কাছে অর্থ সংগ্রহের জন্য যান।
এ সময় সন্তোষসহ চারজন এসে শুভেন্দ্রনাথের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং হাতাহাতি শুরু হয়। এ সময় শুভেন্দ্রনাথের বাবা শশী মোহন ঘটনাস্থলে আসেন।
এক পর্যায়ে প্রতিপক্ষ তার উপরও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শুক্রবার ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় শুভেন্দ্রনাথ বাদি হয়ে সন্তোষসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন বলে তিনি জানান।
থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, প্রাথমিক তদন্তে হামলায় মন্দির সেবায়েত মারা যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৭ ঘ.
bdnews24