পঞ্চগড়, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ে অবস্থিত ভারতীয় ছিটমহলে এক বাংলাদেশি হত্যার ঘটনার ১৫ দিন পর জেলার আদালতে একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নিহত রমজান আলী ওরফে রজমান মেকারের (৫০) স্ত্রী রাশেদা খাতুন মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন।
হাকিম আব্দুল মালেক সদর থানার ওসিকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
রমজান মেকারের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের জিন্নাত পাড়ায়।
১৫ অক্টোবর হাড়িভাষা ইউনিয়নে অবস্থিত ভারতের গারাতি ছিটমহলে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এই ঘটনায় ছিটমহলের আশপাশের বাংলাদেশিরা পরদিন ছিটমহলে হামলা চালায় এবং আগুন দিয়ে দুশ' ঘর-বাড়ি পুড়িয়ে দেয়।
এই ঘটনায় পুলিশ ও ছিটমহলের অভ্যন্তরের বাংলাদেশি ভূ-খন্ডের এক বাসিন্দা বাদি হয়ে দুটি মামলা করেছে। এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে নয়জনকে।
তবে রমজান মেকার হত্যার ঘটনায় সদর থানায় অভিযোগ করা হলেও পুলিশ আইনি জটিলতার কথা বলে মামলা নেয়নি।
রমজান হত্যা মামলার বাদিপক্ষের আইনজীবি মির্জা আবু মান্নান সাংবাদিকদের জানান, এই মামলায় ছিটমহলের নাগরিক কমিটির চেয়ারম্যান মফিদুর রহমান ও তার ভাই মোখলেছুর রহমান, মোসলেমউদ্দীন ও তার ছেলে মাহবুবুর রহমানসহ ৪৭ জনকে আসামি করা হয়েছে।
তবে ছিটমহল নাগরিক কমিটির চেয়ারম্যান মফিদুরর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, ডাকাতি করতে এসে রমজান মেকার ছিটমহলের ভেতরে গণপিটুনিতে নিহত হন।
এদিকে মামলার অভিযোগে বলা হয়, আসামিদের সঙ্গে রমজান মেকারের জমি নিয়ে বিরোধ ছিলো। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ১৪ অক্টোবর বিকালে পাশের ডাবরডাঙ্গা গ্রামের ইয়াছিন আলীকে নিয়ে রমজান মেয়ের বর (জামাই) দেখতে পুকুরি ডাঙ্গায় কামাল মাস্টারের বাড়ি যান।
সেখানে রাতের খাবার শেষে বাড়িতে ফেরার পথে ওঁৎ পেতে থাকা আসামিরা বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এতে রমজান মারা যান এবং ইয়াছিন আহত হন।
সদর থানার ওসি মো. জমির উদ্দিন বলেন, রাশেদা খাতুন তার স্বামীর নিহত হওয়ার একদিন পর একটি অভিযোগ দেন। অভিযোগে ঘটনাস্থল ছিটমহল এলাকা উল্লেখ করায় আইনগত কারণে সেটি গ্রহণ করা হয়নি।
তিনি জানান, মামলার ব্যাপারে আদালতের নির্দেশ এখনো তিনি পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24