ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুততম সময়ে যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা ও বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার আহ্বানের মধ্য দিয়ে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টিএসসি চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী বলেন, "মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার পর যে সংবিধান রচনা করা হয়েছিল, মুক্তিযুদ্ধের সেই চেতনা ফিরিয়ে আনতে হলে বাহাত্তরের সংবিধান পুনরুজ্জীবিত করতে হবে।"
উদ্বোধন ঘোষণার আগে জাতীয় সঙ্গীত ও পরে 'উদীচী সঙ্গীত' পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক বলেন, "বাংলাদেশের জাতীয় জীবনে স্বাধীনতাবিরোধী অপশক্তির বিচার করার চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে না।"
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস বলেন, "বিচার যখন শুরু হয়েছে তখন পেছনে ফিরে আসার সুযোগ নেই। সুতরাং দ্রুততর সময়ের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।"
উদীচীর সভাপতি গোলাম মোহাম্মদ ইদু'র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ ও উদীচীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মাহমুদ সেলিম, হাবিবুল আলম, নাসিমা খান ডলি ও ঐশিকা নদী। আবৃত্তিতে অংশ নেন বেলায়েত হোসেন, অলক বসু, সাহাদাত হোসেন নিপু, ঝর্ণা সরকার, মাশকুরে সাত্তার কল্লোল ও রেজওয়ালী লীনা। অনুষ্ঠানে নৃত্যম ও উদীচীর শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪৮ ঘ.
bdnews24