২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের তিনটি ফ্লাইট ছেড়েছে

বৈমানিকদের কর্মবিরতিতে শুক্র ও শনিবার সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিলেও বিশেষ ব্যবস্থায় চালানো ছয়টি ফ্লাইটের তিনটি ইতোমধ্যে বিমানবন্দর ছেড়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈমানিকদের কর্মবিরতিতে শুক্র ও শনিবার সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিলেও বিশেষ ব্যবস্থায় চালানো ছয়টি ফ্লাইটের তিনটি ইতোমধ্যে বিমানবন্দর ছেড়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত হজরত শাহজালাল বিমানবন্দর ছেড়েছে দুটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইট। বিমানের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার পাঁচটি ফ্লাইট চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো হলো ঢাকা-সিঙ্গাপুর (সকাল সাড়ে ৯টা), ঢাকা-কলকাতা (দুপুর ২টা ৪৫ মিনিট), ঢাকা-সিলেট (সন্ধ্যা ৬টা ৩০), ঢাকা-জেদ্দা (রাত ১০টা ৩০) এবং ঢাকা-রিয়াদ (রাত ১২টা ১৫)। সিঙ্গাপুর, সিলেট ও কলকাতা গন্তব্যে তিনটি ফ্লাইট ছেড়ে গেছে বলে বিমানের অপারেশন বিভাগ থেকে জানানো হয়েছে। এছাড়া শনিবার সকাল সোয়া ৮টায় ঢাকা-লন্ডন ফ্লাইটও বিশেষ ব্যবস্থায় ছাড়ছে। শনিবার ফ্লাইট আরো বাড়তে পারে বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। বিমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "বিশেষ ব্যবস্থায় সিনিয়র বৈমানিক, বিমান কর্মকর্তা ও ভাড়া করা বিমান দিয়ে এসব রুটে ফ্লাইট চালানো হচ্ছে।" এর আগে বৃহস্পতিবার রাতে হজ ফ্লাইট ছাড়া শুক্র ও শনিবারের অন্য সব ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় বিমান। বিমানের পক্ষ থেকে সিঙ্গাপুর ও লন্ডনগামী দুটি ফ্লাইট বিশেষ ব্যবস্থায় চালানোর কথা জানানো হয়। বৈমানিকদের কর্মসূচির কারণে নিয়মিত ফ্লাইট ব্যাহত হলেও হজ ফ্লাইট যথারীতি চলছে। কর্তৃপক্ষ ও বৈমানিকদের পরস্পরবিরোধী অনড় অবস্থানে বিমানের ফ্লাইটসূচিতে এলোমেলো অবস্থা চলছিলো মঙ্গলবার রাত থেকে। সবচেয়ে বেশি বিপর্যয় ঘটে বৃহস্পতিবার। চালক সঙ্কটের কারণে বৃহস্পতিবার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যের ১৫টি নির্ধারিত ফ্লাইটের মধ্যে আটটি বাতিল করে বিমান। এর মধ্যে ছয়টি আন্তর্জাতিক গন্তব্যের। মঙ্গলবার রাতে চারজন বৈমানিককে ফ্লাইট পরিচালনা থেকে সাময়িক অব্যাহতি দেয় বিমান। এর প্রতিবাদে রাতেই অনির্দিষ্টকাল কর্মবিরতির সিদ্ধান্ত নেয় ১১৬ বৈমানিকের সংগঠন বাপা। বুধবার সন্ধ্যার মধ্যে ৫৩ জন বৈমানিক অসুস্থতার কারণ দেখিয়ে ফ্লাইট চালাতে অস্বীকৃতি জানায়। বাপা সদস্যের বাইরে বিমানের সাতজন চুক্তিভিত্তিক বৈমানিক রয়েছেন। এছাড়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রায় ১০ জন পাইলট। এদেরকে দিয়ে সঙ্কটকালীন পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে বলে বিমানের কর্মকর্তারা জানিয়েছেন। ২০ অক্টোবর এক সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় বাপা। দাবি না মানায় বিমান কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তির বাইরে ২২ অক্টোবর থেকে কাজ করছেন না বাপা সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/২০১৫ ঘ.