পিরোজপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দৈনিক সংগ্রামের স্থানীয় প্রতিনিধি আবুল বাসার দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে এ হামলা হয়।
আবুল বাসারকে (৩৫) বরিশাল শেরেবাংলা চিকিৎসা মাহবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি ছাত্রশিবিরের মঠবাড়িয়া উপজেলা কমিটির সাবেক সভাপতি।
আহতের আত্মীয়রা এ হামলার জন্য যুবলীগকে দায়ী করলেও যুবলীগের কেউ অভিযোগ স্বীকার করেনি। কী কারণে এ হামলা হয়েছে তাও বলতে পারেনি কেউ।
বাসারের ভাগ্নে সাকিব আল যুবায়ের ও স্থানীয়রা জানান, কয়েকজন যুবলীগকর্মীসহ ১৫/২০ জন তরুণ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাসারের উপর হামলা চালায়।
ধারালো অস্ত্রের আঘাতে বাসারের মাথা, ঘাড়, কোমর, পিঠ ও পায়ে রক্তাক্ত জখম হয় বলে তিনি জানান।
মঠবাড়িয়া থানার ওসি মনিরুল ইসলাম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েকজন তরুণ সাংবাদিক বাসারের উপর হামলা চালিয়েছে বলে শুনেছি। এখনো কেউ অভিযোগ দেয়নি।"
এ ব্যাপারে জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি পুরোপুরি কিছু জানেন না।
যুবলীগকর্মীদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কেও তিনি কোনো মন্তব্য করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24