২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্ণো সিডি তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

ঢাকার সাভারে পর্ণো সিডি (কম্পিউটার ডিস্ক) তৈরির সরঞ্জামসহ ছয় ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 01:24 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

সাভার, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে পর্ণো সিডি (কম্পিউটার ডিস্ক) তৈরির সরঞ্জামসহ ছয় ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে সাভার বাজার রোডের উৎসব প্লাজার পাঁচটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক ও মালামাল উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। শুক্রবার দুপুরে আটককৃতের সাভার মডেল থানায় সোপর্দ করা হয়েছে। দায়ের করা হয়েছে একটি মামলা। আটককৃতরা হলেন- এনামুল ইসলাম ওরফে সাগর (২০), নাজমুল আলম ওরফে নূর মোহাম্মদ (১৯), মো. মনির হোসেন (১৮), মো. নাসির হোসেন (১৮), মো. সাইদুর ইসলাম (১৮) ও মো. শহিদুল ইসলাম (১৭)। র‌্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার মেজর শেখ তারেক আজিজ জানান, উৎসব প্লাজার দ্বিতীয় তলার জিএসএম টেকনোলজি, মোশারফ টেলিকম, জাবির কম্পিউটার শপ, মিনা ডটকম ও নিপা টেলিকমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওইসব দোকান থেকে বাংলা ও ইংরেজি পর্ণো ছবি ও গান লোডসহ সিডি রাইটার সংযুক্ত কম্পিউটারের ১২টি সিপিইউ জব্দ করা হয়। ওই র‌্যাব কর্মকর্তা জানান, এই চক্রটি কম্পিউটারের সিপিইউতে অবৈধভাবে বাংলা ও ইংরেজি পর্ণো ছবি ও গান লোড করে সিডি তৈরি করে তা বাজারজাত করে আসছিলো। এছাড়াও তারা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন মোবাইল ফোনে এসব পর্ণো ছবি অথবা গান ডাউনলোড করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৫ ঘ.