ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই পক্ষের সমাবেশ ঘিরে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করায় কিশোরগঞ্জের কটিয়াদী এবং জামালপুরের বকশীগঞ্জে বিএনপির সভা পণ্ড হয়ে গেছে।
কটিয়াদীতে বিএনপি সমর্থক যুবদল ও সরকার সমর্থক স্বেচ্ছাসেবক লীগ শুক্রবার এক সময়ে সভা ডেকেছিলো। বকশীগঞ্জে এক সময়ে সভা ডেকেছিলো স্থানীয় বিএনপির দুই পক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কটিয়াদীর লোহাজুরী ইউনিয়নে রসুলপুর দাখিল মাদ্রাসা মাঠে দুপুরে সভা ডেকেছিলো যুবদল ও স্বেচ্ছাসেবক লীগ।
কটিয়াদীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকায় শান্তি-শৃংখলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের সমাবেশ বন্ধ থাকবে।
এদিকে দুই পক্ষই দাবি করেছে তারা আগে সভার কর্মসূচি ঘোষণা করেছিলো।
দুপুরে কটিয়াদী উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান রাসেল এক সংবাদ সম্মেলনে বলেন, পাঁচ দিন আগে তারা সভা ডাকলেও সভা পণ্ড করার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক লীগ কর্মসূচি ঘোষণা করে।
লোহাজুরী ইউনিয়ন সম্মেলনের জন্য এর আগে আরো চারটি স্থানে যুবদল কর্মসূচি ঘোষণা করলেও প্রত্যেকবারই স্বেচ্ছাসেবক লীগের পাল্টা কর্মসূচি ঘোষণার কারণে তা পণ্ড হয়ে যায় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
তবে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আগে থেকে এ মাঠে কর্মী সমাবেশ করার সব প্রস্তুতি সম্পন্ন করলেও হঠাৎ করেই যুবদল সম্মেলনের ডাক দেয়।"
জামালপুর প্রতিনিধি জানান, বকশীগঞ্জে বিএনপির বিবদমান দুই পক্ষ শুক্রবার বিকালে নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে সভা আহ্বান করায় স্থানীয় প্রশাসন সকাল সাড়ে ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি করেছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদ আলী সাংবাদিকদের বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম সমর্থিত উপজেলা বিএনপি ওই মাঠে সভা ডেকেছিলো। একই সময়ে সেখানে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত সমর্থক বিএনপি নেতা-কর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭১৫ ঘ.
bdnews24