নরসিংদী, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় শুক্রবার সকালে একজন তাঁত শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে।
নিহত আলমগীর হোসেন (২০) শহরের শালিধা এলাকার রিকশাচালক সিরাজ মিয়ার ছেলে। তিনি স্থানীয় ইকবাল টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে শহরের বাগদী কবরস্থান সংলগ্ন একটি ডোবা থেকে আলমগীরের লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মা শিউলি বেগমের অভিযোগ তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হতে পারে সে ব্যাপারে তিনি নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।
শিউলি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলমগীর বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর না ফেরায় অনেক রাত পর্যন্ত তার খোঁজা করা হয়। সকালে বাগদী কবরস্থান সংলগ্ন একটি ডোবায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদেরকে খবর দেয়।
সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। লাশটি ডোবার মধ্যে পাওয়া যাওয়ায় এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ময়না তদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪৫৮ ঘ.
bdnews24