চাঁদপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইভটিজিং প্রতিরোধের অঙ্গীকার করে চাঁদপুরে শুরু হয়েছে দু'দিনব্যাপী 'সিডিএম জাতীয় বিতর্ক উৎসব'।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় উৎসবের প্রথম দিনে চাঁদপুর ক্লাব মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাড়ে ৭ শতাধিক বিতার্কিক ছাড়াও অংশ নেয় স্থানীয় শিক্ষার্থীরা।
শোভাযাত্রার পর চাঁদপুর ক্লাব মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমান ও ফরিদপুরে চাঁপা রাণী ভৌমিকের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় নাটোরে শিক্ষক মিজান এবং ফরিদপুরে চাঁপা নারী নিহত হন।
উৎসব উদ্বোধন করে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুন নূর তুষার বলেন, "একটি জাতি কতটা সভ্য, তার প্রমাণ হয় তার আচরণে। যে দেশে ভাইয়ের কাছে বোন আশ্রয় পায় না, সে দেশে ছেলেদের বেঁচে থাকা নিরর্থক। তাদের মাথা নিচু করে হাঁটা উচিত। ইভটিজিং প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।"
'যুক্তির তরী এবার মেঘনায়, পৌঁছবোই বিজয়ের মোহনায়' এই স্লোগান নিয়ে শুক্রবার শুরু হওয়া এ বিতর্ক উৎসবে চাঁদপুর জেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্য ২৬টি জেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তবে টেলিফোনে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে একজন আদর্শ ব্যক্তিত্ব হিসেবে দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24