সাভার, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে বাস চাপায় একজন নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-আরিচা মহাসড়ক দেড়ঘণ্টা অবরোধ ও ১৫/২০টি যানবাহন ভাংচুর করেছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পরে পুলিশ লাঠিপেটা করে অবরোধকারীদের সরিয়ে দিলে দুপর দেড়টার দিকে যান চলাচল শুরু হয়। লাঠিপেটায় অন্তত ৩০ জন পথচারী আহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
নিহত মোতালেব হোসেন (৩৫) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার লক্ষীপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।
ঘটনাস্থলে উপস্থিত সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিফাত খান রাজীব বলেন, দুপুরে রোজ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি মোতালেব হোসেন বাসচাপায় মারা গেলে বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তারা ১৫/২০টি গাড়ি ভাংচুরও করে। এছাড়া তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।
এরপর স্থানীয়রা আবার নিজেরাই পানি দিয়ে আগুন নেভায়। পরে দমকল বাহিনী এলে স্থানীয়রা তাদের ওপর হামলা চালায়।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিপেটা করে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
সাভার দমকল কার্যালয়ের সহকারী স্টেশন কর্মকর্তা পারভেজ আক্তার চৌধুরী বলেন, সড়কে যানজট থাকায় আমাদের গাড়ি পৌঁছাতে দেরি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমইউএস/ডিডি/১৮৪০ ঘ.
bdnews24